রাশিয়া শিগগিরই ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পাবে। জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বিবিসির হার্ডটক প্রোগ্রামে এই মন্তব্য করেছেন।
এর আগে তিনি বলেন, রাশিয়া এই দুই অঞ্চলে উন্নতি করছে।
এই দুই অঞ্চল মিলেই ডনবাস অঞ্চল।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের সেভারোদোনেৎস্ক শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, এ শহরের যুদ্ধের ফলাফলের ওপর পূর্ব ইউক্রেনের ভাগ্য নির্ভর করছে।
এছাড়া মেয়র আলেকসান্দার স্ট্রিউকের মতে, সেভারোদোনেৎস্ক শহরের শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকাগুলোকে প্রতিরক্ষা করছে ইউক্রেনের বাহিনী। তবে পরিস্থিতি কঠিন হলেও তা দমনীয় বলে জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।