ফেনীর ফুলগাজিতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জেমি আক্তার লিজার (৯) গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে উপজেলার আমজাদহাট ভূমি অফিস সংলগ্ন মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লিজার মা জেসমিন আক্তার জানান, গত বৃহস্পতিবার বিকালে আমজাদ হাট বাজারে জেঠার বাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় লিজা। এরপর থেকে লিজা নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার সন্ধ্যায় ফুলগাজি থানায় সাধারণ ডায়েরি করেন লিজার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, লিজা আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ তারাকুছা গ্রামের মমিনুলের মেয়ে। সে স্থানীয় নেয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
ফুলগাজি থানার থানা পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিখোঁজ ঘটনায় সাধারণ ডায়েরির পর থেকে পুলিশ অনুসন্ধান শুরু করেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।