পৃথক সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (৮ ও ৯ জুন) এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ঝিনাইদহ :ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজীর ছেলে মো. বেলাল হোসেন (৪০) ও হেলপার সিরাজগঞ্জের তাড়াশের উজ্জল (৩০)।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছলে রাস্তার পাশে দাঁড়া করানো বালুভর্তি ট্রাকের পেছন ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার ভোগপাড়ায় বৃহস্পতিবার সকালে মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জন। নিহতরা হলেন সিএনজি চালক শিপন মিয়া (২২) এবং যাত্রী জামাল মিয়া (৩০)। আহত সিএনজি যাত্রী সবুজ মিয়া ও শরীফ মিয়াকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদা কলেজের সামনে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের সাহবুল হকের ছেলে শামীম হোসেন (২৮) মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্থানীয় কলেজ গেটের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, পিকআপটি থানায় নিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে ইটভর্তি ডাম্পার গাড়িচাপায় চালক নাজমুল হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে। নাজমুল হোসেন যাদবপুর গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে। উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকালে ডাম্পার গাড়িতে ইট ভর্তি করে যাদবপুর বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পানির মধ্যে ডাম্পার গাড়িচাপায় চালক নিহত হয়।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) হাওলাদার মনোয়ার হোসেন মাসুম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সদরপুর (ফরিদপুর) : সদরপুরে বুধবার রাত সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নিপুন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার আকটেরচর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিপুন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি একই উপজেলার রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিপুন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় এনে প্রাথমিকভাবে সুরতহাল করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।