ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে এক হাজার ৮৫১টি আসন রয়েছে। এবার এ ইউনিটে সারাদেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৬২ জন। প্রতিযোগীর সংখ্যার দিক থেকে আসনপ্রতি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে এই ইউনিটে।
এর আগে, গত ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামী ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং আগামী ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে।