‘দিন তারিখ গুনে বলতে পারবো না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। কী যে ভালো লাগছে! সম্পূর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। আসলে এর ভেতরে অনেকেই বলেছেন, কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি। কিন্তু কারও গানই আর হয়ে ওঠেনি। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে। এখন নিয়মিত গান করতে চাই।’
ধানমন্ডি জিগাতলার কোলাহল স্টুডিওতে গান রেকর্ডিং শেষে এভাবেই নিজের আনন্দকে ব্যাখ্যা করলেন দেশের প্রখ্যাত পপ তারকা কানিজ সুবর্ণা।
উল্লেখ্য, রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজের ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা শুরু এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে গান উপহার দিয়েছেন। একান্ত ব্যক্তিগত কারণেই দীর্ঘদিন কোনো রিলিজ হয়নি শিল্পীর। অবশেষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে তানভীর তারেকের কথা সুর ও সংগীতে আসছে কানিজের নতুন গান ‘মায়া’।
গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘আমাদের দেশের পপ গানের অন্যতম শিল্পী কানিজ সুবর্ণা। একজন শিল্পীর সবচেয়ে বড় ক্ষুধা ধারাকেই নতুন গানের । সেক্ষেত্রে নতুন গানের সাথে থাকতে পারছি। এটাই ভালো লাগছে।’
গানটি ডিএমএস-এর ব্যানারে ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হবে।