কিশোরগঞ্জের মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দীন ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাশিমপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের কিশোরগগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের কাটখাল ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সুরুজ মিয়ার নেতৃত্বে সরকার বাড়ি এবং হাসান মীরের নেতৃত্বে মীর বাড়ির লোকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিলো। ঈদের আগের দিন বিকেলে সড়কের পাশে শিশুদের ফুটবল খেলা চলাকালে মীরবাড়ির এক নারীর শরীরে পানির ছিটা লাগে। এই ঘটনার জেরে ঈদের দিন বুধবার সকালে দুই বাড়ির লোকজনের মাঝে কথাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়।
কিন্তু শনিবার সকালে মাইকে ঘোষণা দিয়ে আবারও দুই বাড়ির সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই কৃষক দীন ইসলাম টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন। নিহত দীন ইসলাম সরকার বাড়ির লোক বলে জানা গেছে।
আরও পড়ুন: লোহাগড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ
মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/নূহু