'রাশিয়ার লক্ষ্য পুরো ইউক্রেনকে ধ্বংস করা' 

'ইউক্রেনের রাষ্ট্রীয় মর্যাদা পুরোপুরি ধ্বংস করতে চায় মস্কো।' কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেছেন। শুক্রবার (১০ জুন)  বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

ওলেক্সান্ডার মোতুজিয়ানিক ন্যাশনাল টিভিকে বলেন, 'রাশিয়ার কৌশলগত লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করা...তারা আমাদের শান্তিতে বসবাস করতে দেবে না।'   

তিনি আরও বলেন, রাশিয়ান ফেডারেশন ইউক্রেনের রাষ্ট্রত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় এবং এখানে তাদের সরকার বসাতে চায় যেন তারা নিয়ন্ত্রণ করতে পারে। 

তবে মস্কো বলে আসছে তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এবং তাদের ইউক্রেন দখল করার পরিকল্পনা নেই। 

ওলেক্সান্ডার বলেন, রাশিয়া পূর্ব ইউক্রেনের সিভারস্কি দোনেতস্ক নদীর কাছে ইউক্রেনের প্রতিরক্ষায় দুর্বল পয়েন্ট খুঁজছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত আরও অনেক বেড়েছে।