কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে ভারতীয় এক পুলিশ কনস্টেবল এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তবে সেই পুলিশ কনস্টেবল একজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুপুরে কলকাতার পার্ক সার্কাস এলাকায় এ ঘটনা ঘটে। আনন্দবাজার লিখেছে, ওই পুলিশ কনস্টেবল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টে দায়িত্বরত ছিলেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিজের রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। উপদূতাবাসের আউটপোস্টে ছিলেন তিনি। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে ওই নিরাপত্তারক্ষী নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই ওই নিরাপত্তারক্ষী গুলি চালাতে শুরু করে। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় সে।
পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্য হারিয়ে একাজ করেছে সে। গুলি চালানোর সময় সামনে দিয়ে একটি স্কুটি যাচ্ছিল। সেই স্কুটির পিছনে সওয়ার ছিলেন এক নারী। তার পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষে ওই পুলিশকর্মীও আত্মঘাতী হন।
পুলিশ মৃতদেহ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।