আগামী ১৫ জুন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে চলছে গণসংযোগ ও সমাবেশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিক হোসেন বলেন, যারা নৌকায় ভোট দিবেন তারাই শুধু কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ তারা কেন্দ্রে আসবেন না। নৌকার চিন্তা ছাড়া কেউ কেন্দ্রের আশপাশে আসবেন না।
তিনি আরও বলেন, আমলীতলা কেন্দ্রে ২৪০০ ভোট ভোট রয়েছে। দুই হাজার ভোট কাস্ট হলে দুই হাজার ভোটই নৌকায় পেতে চাই। মাননীয় মন্ত্রীর সাথে গত শনিবার বৈঠক হয়েছে। সেখানে যে কোনে মূল্যে নৌকাকে বিজয়ী করার সিদ্ধান্ত হয়েছে। যারা বয়স্ক মানুষ তারা ওই দিন ঘরে বসে নামাজ পড়–ন। তাদের কেন্দ্রে আসার দরকার নেই। নৌকার বিজয়ের জন্য যেখানে যে অস্ত্র দরকার তাই ব্যবহার করা হবে।
বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদিকুলের বক্তব্যের পৃথক তিনটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়।
এদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক বিএনপি নেতা লশকর আলী। এ ব্যাপারে তিনি বলেন, লীগ নেতারা সমাবেশ করে নৌকায় যারা ভোট দিবে না তাদেরকে কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। তার কর্মীরা কাজ করতে পারছেন না। তাকেও নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাদিক হোসেনকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
এদিকে মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, ভিডিওর বিষয়টি নিয়ে কেউ তাকে জানায়নি।