পারভেজ মোশাররফের অবস্থা সংকটাপন্ন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করেছে তার পরিবার। তবে সাবেক এই শাসকের অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জি নিউজ।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে মোশাররফের নিজের টুইটারে পরিবার জানিয়েছে, ‘তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়নি। শারীরিক জটিলতার কারণে শেষ তিন সপ্তাহ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এই সংকটাপন্ন অবস্থা থেকে সেরে ওঠা সম্ভব নয়। তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না।

শুক্রবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই জেনারেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে। পরে মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে এই বিবৃতি দিয়েছে পরিবার।

এদিকে, সাবেক এই সেনাশাসকের মৃত্যুর গুজব নাকচ করে দিয়েছে তার দল অল পাকিস্তান মুসলিম লিগও (এপিএমএল)। বিষয়টি জানতে চাইলে এপিএমএল মুখপাত্র আমান খান তারিন দেশটির গণমাধ্যম ডনকে বলেন, ‘এটা ভুয়া খবর।’

এপিএমএল জানায়, তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর মোশাররফকে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়া কিংবা তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার বিষয়টিও নাকচ করে দিয়েছে দলটি।