আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে জাতীয় কবি নজরুল ইসলাম রচিত পালা নাটক ‘বনের মেয়ে পাখি’। নাটকটি সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন করবে ‘বাঁশরী রেপার্টরি থিয়েটার’। এটিই হতে যাচ্ছে নাটকটির প্রথম মঞ্চায়ন।
নাটকটিতে অভিনয় করবেন কামরুল হাসান, শামীমা শওকত লাভলী, ফজলে রাব্বি, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, রেজওয়ান পারভেজ, নুসরাত রেজা খান, তাজউদ্দিন তাজু, শারমিন হায়াত্ দিপা, ফিরোজ আল মামুন, রুহুল আমিন, মাজহারুল জুয়েল, সাজ্জাদ সাজু, শিমুল চন্দ্র মিস্ত্রি, সালমান রাজ খান, নূরজাহান আক্তার, পাপ্পু ও রুবাইয়া তাসমিন মেধা।
নাটকটির গল্পে দেখা যাবে, রায়গড়ের পাহাড় ও জঙ্গালাকীর্ণ পথে বাঘের আনাগোনা প্রবল। এমন এক পথে পালকিবাহী বেহাড়া দল বাঘের আক্রমণের শিকার হয়। পালকি রেখে তারা জানের মায়ায় ছুটে চলে দিকবিদিক। পালকির অভ্যন্তরে নারী কণ্ঠের আর্তনাদে ছুটে আসে সাপুড়ে ভগুলাল। বাঘের সঙ্গে লড়াই করে উদ্ধার করে এক শিশুকন্যা, কিন্তু শিশুটির মাকে বাঁচাতে পারেনা ভগুলাল। শিশুটিকে বুকে আগলে তাকে বড় করার দায়িত্ব নেয় বাঘা ভগুলাল। তার নাম রাখে পাখি, বনের মেয়ে পাখি। সর্পদেবী মনসার কৃপায় পাখি পেয়ে যায় যেকোনো ব্যাধি সারাবার ক্ষমতা আর পেয়ে যায় তার জীবন সাথী সুজনকে। মনসার বরে প্রাপ্ত ক্ষমতা পাখিকে নিয়ে চলে তার হারানো পরিচয় পুনরুদ্ধারের পথে।