জয়পুরহাটের মাদকসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। কালাই উপজেলার মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ মাঠে শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মো.জাহাঙ্গীর মণ্ডলের ছেলে মারুফ মন্ডল (২৪) ও আমেজ আকন্দের ছেলে মুনজুল আকন্দ (৩৯)।
শনিবার সকালে র্যাব প্রেস রিলিজের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মাত্রাই বিজ্ঞান ও কারিগরী কলেজ মাঠের দক্ষিণে অভিযান চালিয়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মুঠোফোন ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, মারুফ মন্ডল ও মুনজুল আকন্দ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।