রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের কাকঁড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- খোকা মোহন তনচংগ্যা (৪০) বান্দরবান জেলার সদর ইউনিয়ন এর রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে এবং অপর জন সুমন চাকমা (৩৫) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনী সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ৭ নং ওয়ার্ড কাকঁড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের আটক করেন। এসময় আটক দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরি ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
ওসি জানান, আটক ২ জন জেএসএস (সন্তু লারমা) দলের কালেকটর। আসামিদের বিরুদ্ধে শনিবার (১১ জুন) চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।