ড্যারিল মিচেলের ছক্কায় ভাঙলো ভক্তের বিয়ারের গ্লাস!

লর্ডসে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। একই ফর্ম বজায় রেখেছেন দ্বিতীয় টেস্টেও। গতকাল নটিংহামে টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দিনশেষে ৮১ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। তার প্রশংসা সর্বমহলে। তবে তিনি আলোচনায় অন্য আরেকটি কারণে!

৫৬তম ওভারের খেলা চলছিল, ড্যারিল মিচেলের একটি ছক্কা লং-অন দিয়ে গ্যালারিতে উড়ে যায়। ঘটনা এখানেই শেষ হতে পারতো! কিন্তু না, বলটি সরাসরি গিয়ে পড়েছে গ্যালারিতে বসা এক ইংলিশ সমর্থকের বিয়ারের গ্লাসে। সঙ্গে সঙ্গেই গ্লাসটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইংল্যান্ড ক্রিকেট। ক্যাপশনে লেখা, দয়া করে আরেকটি ড্রিংস আনুন।

ভিডিওতে দেখা গেছে, লং-অনে ফিল্ডিং করছেন ইংলিশ পেসার ম্যাথু পটস। ছক্কা হওয়ার পর তিনি ইশারায় টিমম্যাটদের ঘটনার বর্ণনা দিচ্ছেন। পরে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে ওই সমর্থককে আরও একটি বিয়ারের গ্লাস দেওয়া হয়েছে।

ওই ইংলিশ সমর্থকের নাম সুসান। দিনের খেলা শেষে তার সঙ্গে আলাদাভাবে দেখা করে ক্ষমা চেয়েছেন ড্যারিল মিচেল!