গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক পেলো নতুন বাবা-মা

সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাচীরের বাইরে থেকে উদ্ধার হওয়া নবজাতকটি নতুন মা-বাবা পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবজাতকটিকে কৃষিবিদ মোঃ বজলুর রহমান ও মিসেস সাফিয়া ইসলাম দম্পতি দত্তক নিয়েছেন। বজলুর রহমান সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ডেন্ডাবর এলাকার বাসিন্দা।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের জানান, নবজাতকটি উদ্ধার হওয়ার পরে লিখিতভাবে আশুলিয়া থানায় জানানো হয়েছিল। পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক দিপু এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য বলেন। 

নবজাতক উদ্ধার হওয়ার বিষয়টি জানাজানি হলে অনেকেই নবজাতকটি দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে হাসপাতালে আবেদন করেন। এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ মাসের ৩ তারিখে কৃষিবিদ বজলুর রহমানের বাসা পরিদর্শন করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটির উজ্জ্বল ভবিষ্যতসহ সার্বিক বিষয় বিবেচনা করে ওই দম্পতির নিকট নবজাতকটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। 

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

উল্লেখ্য, গত ১১ মে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হওয়া নবজাতকটি এতদিন হাসপাতালের গাইনী বিভাগের তত্ত্বাবধানে ছিল।

ইত্তেফাক/নূহু