টানা বৃষ্টিতে বিপাকে পটোল চাষিরা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে পটোলের ভালো ফলন হয়েছে। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে পটোলের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদিত পটোল নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। পটোলগাছ মরে যাওয়াসহ বাজারে আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম অনেক কমে গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭৫০ হেক্টর জমি। চাষাবাদও হয়েছে একই পরিমাণ জমিতে। উপজেলার পাঠকপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র ও লক্ষণডাঙ্গা গ্রামের রাম চন্দ্র রায় বলেন, বৃষ্টির কারণে পটোল খেতের অবস্থা খুবই খারাপ। গাছ মরে যাচ্ছে। বাজারে স্থানীয় উৎপাদিত পটোলের সঙ্গে অন্য এলাকার পটোল আমদানি হওয়ায় দাম কমে গেছে।

 ফুলবাড়ী পৌর বাজারের পাইকারি ব্যবসায়ী আসাদুজ্জামান ও মিহির দত্ত বলেন, পটোলের আমদানি বেড়ে যাওয়ার কারণে দাম কমে গেছে। বাজারে আকারভেদে প্রতি মণ পটোল ২৫০-৩০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় পটোলের ভালো ফলন হয়েছে। তবে দাম কমে যাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পটোলের ন্যায্যমূল্য পান, সে ব্যাপারে কৃষি বিভাগ কাজ করছে।