দেশে প্রথমাবারে মতো বাংলাদেশ ব্লকচেইন সামিট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) থ্রাইভিং স্কিলস-এর আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হয়।
ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে এ সামিট অনুষ্ঠিত হয়। ৩০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ভার্চুয়াল প্লাটফর্মে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই একটি ব্লকচেইন সক্ষম জাতি গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারি শিল্পের দৃষ্টিভঙ্গি অর্জন করতে এবং প্রাসঙ্গিক সংস্থাগুলিকে ব্লকচেইন প্রযুক্তির আরও অ্যাপ্লিকেশন অন্বেষণ করতে হবে। থ্রাইভিং স্কিলসের আয়োজনে এই শীর্ষ সম্মেলন সরকারের লক্ষ্য সংযুক্ত করছে।
কীভাবে ব্লকচেইন প্রযুক্তি তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে পারে সে বিষয়ে বাংলাদেশ সরকার অন্বেষণ শুরু করেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশ্বের স্বনামধন্য ব্লকচেইন স্পিকাররা যুক্ত ছিলেন। লিঙ্কডইন লার্নিং কোর্সের প্রশিক্ষক জোনাথন রিচেন্টাল, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি, বাফেলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কোর্সএরা-এর কোর্স প্রশিক্ষক, মিসেস বিনা রামামূর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে মাস্টারক্লাস প্রদান করেছেন।
থ্রাইভিং স্কিলস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রফেসর ড. মো. মামুন হাবীব। সামিটের শুরুতে থ্রাইভিং স্কিলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।