প্রথম দুটি টি-টোয়েন্টিতে খুবই বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হেরে বসে শ্রীলঙ্কা। তাই এই জয়ের কোনো বিকল্প ছিল না। হারলেই যে হোয়াইটওয়াশের লজ্জা। তাছাড়া অচলাবস্থা চলতে থাকা দেশে একটি জয় সাধারণ মানুষকে কিছু সময়ের জন্য হলেও আনন্দ দেবে। ঠিক সেই দায়িত্বটিই যেন পালন করলেন অধিনায়ক দাসুন শানাকা।
তার অপরাজিত ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে সফরকারী অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় অজিরা। জবাবে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
শানাকা ৫৪, নিসাঙ্কা ২৭, আসালাঙ্কা ২৬, গুনাথিলাকা ১৫ ও চামিকা করুণারাত্নে ১৪ রান করেন। অজি বোলারদের মধ্যে জস হ্যাজলউড ২টি, মার্কাস স্টয়নিস ২টি এবং জ্যা রিচার্ডসন ও অ্যাসটন অ্যাগার একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে দলটির পক্ষে মার্কাস স্টয়নিস ৩৮, স্টিভেন স্মিথ ৩৭, ডেভিড ওয়ার্নার ৩৯, অ্যারন ফিঞ্চ ২৯, গ্লেন ম্যাক্সওয়েল ১৬ ও ম্যাথু ওয়েড ১৩ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে মহেশ থিকসানা ২টি এবং হাসারাঙ্গা ও জয়াবিক্রমা একটি করে উইকেট নেন।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দাসুন শানাকা ও সিরিজ সেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ।