পানছড়ির চেংগী নদীতে ডুবে মো. নোমান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুন) মধ্যরাতে মদন কার্বারি পাড়া এলাকার চেংগী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নোমান মোহাম্মদপুর গ্রামের মো. নুর আলম ও নুর বানুর সন্তান। সে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। নোমান শনিবার বিদ্যালয় ছুটি শেষে মোহাম্মদপুরের মদন কার্বারি পাড়া এলাকা দিয়ে বয়ে চলা চেংগী নদী এলাকায় যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় বাবা- মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিভিন্নভাবে খুঁজতে থাকেন। অবশেষে এলাকাবাসী মধ্যরাতে তার মৃতদেহ উদ্ধার করেন।
নোমানের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। ঘটনাস্থলে থাকা পানছড়ি থানার এসআই মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।