অন্ধ হওয়া থেকে সিংহকে বাঁচালেন ভারতীয় চিকিৎসকরা

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে পাঁচ বছর বয়সী একটি সিংহের দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা করলো ভারতীয় চিকিৎসকরা। প্রাণীটির দুই চোখের ছানি অপারেশন করে দৃষ্টি পুনরুদ্ধার করেছেন তারা। সিংহের চোখের আলো ফিরিয়ে দিয়ে চিকিৎসকরা প্রশংসায় ভাসছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শিকার কাছে পেয়েও প্রতিক্রিয়া দেখাচ্ছিল না সিংহটি। পর্যবেক্ষণ করে বনকর্মকর্তারা নিশ্চিত হন, প্রাণীটি শারীরিক জটিলতায় ভুগছে।

গুজরাটের গির ফরেস্টের কর্মীরা সিংহটিকে উদ্ধার কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এর দুই চোখে ছানি পড়েছে।

কিন্তু সিংহের চোখে ছানি অপারেশন করাটা একেবারে সহজ ছিল না। এজন্য বেশ খাটুনি করতে হয়েছে চিকিৎসকদের। চোখের গঠন ভালোভাবে জানার জন্য মৃত সিংহের পোস্টমর্টেম থেকে প্রাপ্ত চোখের নমুনা নিয়েও গবেষণা করেছেন চিকিৎসকরা। অবশেষে সিংহের দুই চোখেরই ছানি অপারেশন করতে সক্ষম হয়েছেন তারা।

সিংহটি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে। অল্প কয়েক দিনের মধ্যে তাকে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।