সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মো. নুরুল কাদের (২২) নামে ওই ব্যক্তি ডিপোতে মেকানিকের কাজ করতেন। রবিবার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রামের পার্ক ভিউ বেসরকারি হাসপাতালে তিনি মারা যান তিনি। তাকে নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হলো।
হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, ডিপোতে আগুনের ঘটনায় নুরুল কাদেরের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। ঘটনার ৮ দিনের মাথায় আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।