গঙ্গাচড়ায় তিস্তার পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চল। এতে খেতের ফসল নষ্ট হওয়ার আতঙ্কে রয়েছেন বাদামচাষিরা।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলসমূহ তলিয়ে গেছে। বর্তমানে চরে বাদাম রয়েছে। কেউ কেউ বাদাম তুললেও অনেকে এখনো তুলতে পারেননি। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

গাউছিয়া এলাকার বাদামচাষি রফিকুল ইসলাম বলেন, যেভাবে পানি বাড়ছে কী যে হবে। এখনো অনেকের বাদাম তোলা বাকি আছে।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, পানি বৃদ্ধিতে চরগুলো তলিয়ে গেছে। চরে তেমন কোনো ফসল না থাকলেও ভাঙন আতঙ্কে আছে বিনবিনা এলাকার লোকজন। তবে চরে চাষকৃত বাদাম এখনো অনেক চাষি তুলতে পারেননি। এরই মধ্যে বাদাম তুলতে না পারলে তাদের লোকসান গুনতে হবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া আলম বলেন, পানি আজকাল বাড়তে পারে। বিনবিনা এলাকায় বাঁধ ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। বাঁধটি রক্ষা হলে বিনবিনা, শংকরদহ, ইচলি, বাগেরহাট এলাকার ৫ শতাধিক পরিবারের বাড়িঘর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্রিজ ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।