বাউফলে তথ্যপ্রযুক্তি মামলার বাদীকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে তথ্যপ্রযুক্তি মামলার বাদী আতিকুর রহমানকে (৪৪) কুপিয়ে জখম করেছে ওই মামলার আসামি হানিফ মেম্বার। আহত আতিককে বাউফল হাসপাতালে ভর্তি রয়েছে। 

শনিবার (১১ জুন) সন্ধ্যায় বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। হানিফ মেম্বার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য। 

আহত আতিক জানান, তার ছোট ভাই মো. সাইদুর রহমানের বিরুদ্ধে হানিফ মেম্বার অশালিন ও মিথ্যা তথ্য দিয়ে তার ফেসবুক পেইজে পোস্ট করেন। এ কারণে গত ০৩/০২/২২ তারিখ আমি বাদী হয়ে হানিফ মেম্বারের বিরুদ্ধে বরিশাল পিবিআই আদালতে তথ্যপ্রযুক্তি মামলা দায়ের করি। মামলা নং-৫/২২। এরপর থেকে হানিফ মেম্বার প্রায়ই আমার জীবন নাশের হুমকি দিয়ে আসছে। গত ১৬/০৪/২২ তারিখ বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করি। ডায়েরি নং-৭০৫। হানিফ মেম্বার ঘটনার দিন ৭/৮ জন সন্ত্রাসী নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে ইউপি সদস্য হানিফ বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তবে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’