জিয়াউল হাসান সবুজ
সহকারী শিক্ষক
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা বানানের বিভিন্ন নিয়ম প্রকাশ হচ্ছে। আমরা বানানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। আশা করছি তোমরা নিয়মিত অনুশীলন করবে। এসো দেখে নেই প্রমিত বাংলা বানানের নিচের নিয়ম দুটি ।
নিচের বানানগুলো আমরা সচরাচর ভুল করে থাকি।
নিয়ম: ০১
১. সংস্কৃত ইন্-প্রত্যায়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম-অনুযায়ী সেগুলিতে ই-কার হয়। যেমন:
গুণী> গুণিজন, প্রাণী> প্রাণিবিদ্যা, মন্ত্রী> মন্ত্রিপরিষদ।
তবে এগুলির সমাসবদ্ধ রূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমন:
গুণী> গুণীজন, প্রাণী>প্রাণীবিদ্যা, মন্ত্রী>মন্ত্রীপরিষদ।
২. সংস্কৃত ইন্-প্রত্যায়ান্ত শব্দের সঙ্গে ত্ব ও তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন:
কৃতী>কৃতিত্ব, দায়ী>দায়িত্ব, প্রতিযোগী>প্রতিযোগিতা, মন্ত্রী>মন্ত্রিত্ব, সহযোগী>সহযোগিতা।
লক্ষ্য কর- এখানে বানানের ১ম নিয়মটি সুনির্দিষ্ট নয়; এটি নিয়মটির একটি ত্রুটি। অর্থাত্ ‘প্রাণিবিদ্যা’ বা ‘প্রাণীবিদ্যা’ এই দুটি বানানকেই এখানে সঠিক বলা হয়েছে। এক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মে কোনটি ব্যবহার করতে হবে তা সুনির্দিষ্ট না করে দেয়ায় বানানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তবে বানান নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের মতে ই-কার ব্যবহার করাই শ্রেয়।
এ ধরনের আরও কিছু বানান দেখে নাও:
মন্ত্রী>মন্ত্রিসভা, উপকারী>উপকারিতা, প্রতিদ্বন্দ্বী>প্রতিদ্বন্দ্বিতা, সহমর্মী>সহমর্মিতা, বাগ্মী>বাগ্মিতা।
নিয়ম: ০২
এবার যে বিষয়টি আলোচনা করব সেটি ঠিক বানানের সমস্যা নয়; বাংলা লেখনরীতির বিষয়। বাংলা লিখতে গিয়ে আমরা অনেকেই দুটি শব্দের মধ্যে কখন ফাঁকা স্থান (স্পেস) রাখব তা নিয়ে দ্বিধায় পড়ে যাই। সাধারণত দুটি শব্দের মধ্যে ফাঁকা স্থান (স্পেস) হবে এটাই বাংলা লেখনরীতির সাধারণ বৈশিষ্ট্য। তবে দুটি শব্দ মিলে একটি শব্দ হলে তখন আর দুটি শব্দের মধ্যে ফাঁকা স্থান (স্পেস) দেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়টি মাথায় রাখলেই আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন দুটি শব্দ মিলে কখন একটি শব্দ হবে এ প্রশ্নের উত্তর জানতে প্রমিত বাংলা বানানের নিচের সহজ নিয়মটি শিখে নিই।
নিয়ম: সমাসবদ্ধ শব্দগুলি যথাসম্ভব একসঙ্গে লিখতে হবে। যেমন: অদৃষ্টপূর্ব, অনাস্বাদিতপূর্ব, নেশাগ্রস্ত, পিতাপুত্র, পূর্বপরিচিত, বিষাদমণ্ডিত, মঙ্গলবার, রবিবার, লক্ষ্যভ্রষ্ট, সংবাদপত্র, সংযতবাক, সমস্যাপূর্ণ, স্বভাবগতভাবে।
বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে এক বা একাধিক হাইফেন (-) দিয়ে যুক্ত করা যায়। যেমন: কিছু-না-কিছু, জল-স্থল-আকাশ, বাপ-বেটা, বেটা-বেটি, মা-ছেলে, মা-মেয়ে।
লক্ষ্য কর: এই নিয়মের কারণেই রবীন্দ্রজয়ন্তী, নজরুলজয়ন্তী, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত প্রভৃতি শব্দ ফাঁকা স্থান (স্পেস) ছাড়াই একসাথে লিখতে হবে। পরের অংশ আগামী মঙ্গলবার