সুইজারল্যান্ডের কাছে পর্তুগালের হার, জয়ে গ্রুপের শীর্ষে স্পেন

উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে দুই জয় ও একটিতে ড্র নিয়ে বেশ স্বস্তিতে ছিল পর্তুগাল। সে জন্যই কি না গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামে তারা। অবশ্য কিছুটা চোট সমস্যাও রয়েছে সিআরসেভেনের। আর সেই সুযোগে পর্তুগালকে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। অথচ সপ্তাহখানেক আগে এই দলটিকেই রোনালদোর জোড়া গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল।

রবিবার (১২ জুন) রাতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। দলের হয়ে জয়সূচক গোলটি করেন হারিস সেফেরোভিচ। ম্যাচের এক মিনিটের (৫৫ সেকেন্ড) মাথায় গোলটি হয়। আর তাতেই হয়ে যায় ইতিহাস। নেশন্স লিগের ইতিহাসে এর চেয়ে দ্রুত গোল আর কখনো হয়নি।

পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগীজরা। অন্যদিকে, নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে সুইসরা। পর্তুগাল পুরো ম্যাচের ৫৮ভাগ সময় বল দখলে রেখে মোট ২০ বার আক্রমণে যায়। এর মধ্যে আটটিই অনটার্গেট শট করের বের্নার্দো সিলভা, গনসালো গেদেস ও দিয়োগো জোতারা। কিন্তু একটিও লক্ষ্যভেদ হয়নি। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো পর্তুগালকে।

গ্রুপের অন্য ম্যাচে স্পেন ২-১ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে। এতে ৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে লুইস এনরিকের শিষ্যরা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পর্তুগাল।