অপরিকল্পিত সড়ক নির্মাণ ও পুকুর খনন করে পানি প্রবাহে বাধা দেওয়ায় শহরের পশ্চিমে কুন্দল গ্রামের দক্ষিণে সৈয়দপুর মৌজার দোলায় বর্ষাকালে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পুরো বর্ষাকাল জুড়ে পানির নিচে থাকে তিন মৌজার কমপক্ষে ১ হাজার ৫০০ হেক্টর জমি।
কৃষকরা অভিযোগ করেন, তিনটি মৌজার বৃষ্টির পানি সৈয়দপুর মৌজার দোলা হয়ে গিরিয়ার পুল দিয়ে ও খড়খড়িয়া নদীর শহর রক্ষা বাঁধের রেগুলেটর হয়ে পানি প্রবাহিত হতো। কিন্তু কাজীপাড়া ঈদগাহ মাঠ থেকে হঠাৎ বস্তি হয়ে পশ্চিম পাটোয়ারী পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ করায় পানি গিরিয়ার পুল অভিমুখে যেতে পারে না। আবার সৈয়দপুর মৌজার ১২৩ একর রেলওয়ের পতিত জমি লিজ নিয়ে অপরিকল্পিতভাবে বড় বড় পুকুর খনন করা হয়েছে। মাছ চাষ করতে গিয়ে পুকুরের চারধার মাটি দিয়ে হয়েছে উঁচু করায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, পৌরসভার নেতৃত্বে সমন্বিত উদ্যোগ নিলে সমস্যা সমাধান হবে। পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, বিষয়টি সুরাহা করতে পরিষদগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাউবোর সৈয়দপুর পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. আমিনুর রশিদ বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।