ভূরুঙ্গামারীতে খানাখন্দে সড়ক বেহাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের পাকা সড়কগুলোতে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। 

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের কাছে জামতলা মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুটি স্থানে, জামতলা থেকে সাহাপারা পর্যন্ত চারটি স্হানে, বাগভান্ডার রোড, মহিলা কলেজ রোড, কেন্দ্রীয় কবর স্থান রোডের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো ক্রমেই বড় হচ্ছে। সামান্য বৃষ্টিপাতে সেখানে প্রায় হাঁটু পানি জমে। সড়কে জমে থাকা পানি ভেঙেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার লোকজনকে চলাচল করতে হয়।

স্থানীয় ব্যবসায়ী আল আমিন, হাবিবুল্লাহ ও আরিফ বলেন, বড় বড় গর্তের কারণে অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে। 

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন বলেন, জলাবদ্ধতার ব্যাপারে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে কথা হয়েছে।

উপজেলা সমন্বয় মিটিংয়ের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নিতে বলা হয়েছে। আমরা এ ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেব। 

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, প্রধান সড়ক মেরামতের স্টিমেট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।