ইউপি সদস্যকে মারধরের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাসসহ পাঁচ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম তালুকদার বাদী হয়ে কলমাকান্দা থানায় এ মামলা দায়ের করেন।

অন্য আসামিরা হলেন-ওই ইউপি চেয়ারম্যানের ছেলে গোলাপ বিশ্বাস, মন্তলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ফারুক বিশ্বাস ও তার ভাই মারুফ বিশ্বাস এবং একই এলাকার জামাল বিশ্বাস।   

মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। তাছাড়া বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায় কার্যক্রম চলছে। সাধারণ মানুষ অতিরিক্ত ট্যাক্স আদায়ের বিষয়টি ইউপি সদস্যদের জানান। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের কাছে ইউপি সদস্যরা একটি মৌখিক অভিযোগ করেন। রবিবার বিকেলে ইউপি কার্যালয়ে সদস্যরা সমন্বয় সভায় অংশ নেওয়ার জন্য গেলে ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাসের নির্দেশে আসামিরা সেলিমকে বেধড়ক মারপিট করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস জানান, বিরোধী চক্রের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে সেলিম আমার ওপর অতর্কিত হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় আমার লোকজন তাতে বাধা দেয়। থানায় দায়ের করা সেলিমের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, সোমবার সকালে ইউপি সদস্য সেলিম তালুকদার বাদী হয়ে কলমাকান্দা সদর ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।