ঈদের ছুটিতে ঢাকা থেকে কক্সবাজারে মোটরসাইকেলে চেপে বেড়াতে গিয়েছিলেন কয়েকজন বন্ধু। কিন্তু বাড়িতে আর ফেরেনি সুমিত। শনিবার বিকাল ৩টার দিকে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় বিওসি মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
সুমিত মজুমদার (২৫) ঢাকা মহানগরের মালিবাগ এলাকার সোবহান মজুমদারের ছেলে।
ওই দুর্ঘটনায় আরেক আরোহী ঢাকা মহানগরের বড় মগবাজার গাবতলা এলাকার আবদুল বাতেনের ছেলে ইসতিয়াক হাসান (২৮) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার মো. হারুন অর রশিদ জানান, ঈদুল ফিতরের ছুটিতে সুমিতসহ কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। শনিবার তারা ঢাকায় ফিরছিলেন।
আরও পড়ুন: সম্পত্তির লোভে বোনকে পাগল বানাতে চেয়েছিল ভাই
ঘটনার সময় বিওসি’র মোড় এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাঁকে একটি গাড়ি ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি চেয়ারকোচ সুমিতে মোটরসাইকেল চাপা দেয়।এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ইত্তেফাক/অনি