কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের পর ছইয়ের ভেতরে তিনটি লাশ পাওয়া যায় বলে ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান।
নিহতরা হলেন- তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫), করিমগঞ্জ উপজেলার হালগড়া গ্রামের সিরাজউদ্দিন (৬০) ও একই গ্রামের ওয়াসিম (৩৫)।
ইঞ্জিনচালিত নৌকাটি গতকাল সোমবার (১৩ জুন) দুপুরের দিকে তাড়াইল উপজেলার দামিহা থেকে গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর যাওয়ার পথে এনসহিলা গ্রামের পূর্ব দিকে এহানির বিল হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে পাঁচজন যাত্রী ছিলেন। দুইজন সাঁতরে জেলেদের নৌকায় ওঠে রক্ষা পেলেও তিনজন নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার ব্রিগেডের ডুবুরিরা উদ্ধারকাজে নামেন।
ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটে। ঘটনাস্থলের অদূরেই আজ সকাল সাড়ে ৯টার দিকে লাশসহ নৌকাটি উদ্ধার করা হয়। আত্মীয়স্বজনের নিকট লাশগুলো হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।’