ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন-হাউজ ক্যারিয়ার ফেয়ার চলছে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স (ওসিএসএআর) এর উদ্যোগে ইন-হাউজ ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ও ক্যাফেটেরিয়ায় ক্যারিয়ার ফেয়ার ২০২২ শুরু হয়। এতে অংশ নিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। ইন-হাউজ এই ক্যারিয়ার ফেয়ারের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে থেরাপ (বিডি) এবং সহ-পৃষ্ঠপোষক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।

ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড। তিনি বলেন, 'ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত এই ক্যারিয়ার ফেয়ারের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্ভাব্য নিয়োগদাতাদের সাথে যুক্ত করার মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করা। সেই সাথে, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য বৃহত্তর পরিসরে চাকুরি অণ্বেষণের সুযোগ তৈরি করা।'

আইটি, টেলিকমিউনিকেশন্স, এফএমসিজি, লজিস্টিক, ফার্মাসিউটিক্যাল, নন-ব্যাংকিং ফিনান্সিয়াল এবং ডেভেলপমেন্ট সেক্টরের ২০টিরও বেশি প্রতিষ্ঠান এই ইন-হাউজ ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করেছে। বিকাল ৪টায় এই আয়োজনের পর্দা নামবে।