মরা গরুর মাংস বিক্রি, কারাগারে ২ কসাই 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা গরুর মাংস বিক্রির সময় দুই কসাইকে আটকের পর একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  
সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে দু’জনকে  জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।

সহযোগী স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গফুর জানান, সদর উপজেলার মটরা হাট  থেকে একটি মরা গরুর মাংস বালিয়াডাঙ্গী উপজেলার কাঁচকালী বাজারে নিয়ে এসে বিকেলে বিক্রির সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের  হোসেনকে জানায়। খবর পেয়ে ইউএনও পুলিশসহ ঘটনাস্থলে  পৌঁছে দুজনকে আটক করে। এসময় মোস্তফা নামে একজন পালিয়ে যায়। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা  গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, জবাই করার পর গরুটি ইজিবাইকে নিয়ে এসে মাংস বিক্রির  চেষ্টা চলছিল। এমন খবরে পুলিশ সদস্যদের সহযোগিতায় দু’জনকে আটক করা হয়। নিজেদের  দোষ স্বীকার করায় তাদের বিকেলে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বলেন, সেমাবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দু’জন কসাইকে (মাংস বিক্রেতা) কারাগারে পাঠানো হয়েছে।