চ্যানেল আইতে ঈদের ৫ম দিনর রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বেগুনি পাঞ্জাবি’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সারোয়াত বৃষ্টি প্রমুখ।
গল্পে দেখা যাবে, এক ধোপা মানিক আর তার বউ মিনু। ভালোবেসে বিয়ে করেছে। মানিক ধোপা শহরের লন্ড্রির কাপড়গুলো নিয়ে এসে অন্যান্য ধোপার সঙ্গে তুরাগ পাড়ে কাপড় ধোয়। মিনু তার স্বামীকে সাহায্য করতে যায় রোজই। একদিন এক পাঞ্জাবির পকেটে তারা প্রায় লাখ টাকা পায়। অন্যদের চোখে লুকিয়ে তারা টাকাটা বাসায় নিয়ে আসে। টাকাটা তাদের লোভী করে তোলে। ফেরত দেবে নাকি দেবে না এই নিয়ে দুজনের অনেক তর্কের পর তারা যুক্তি দাঁড় করায় এটা ওপরওয়ালা তাদের জন্য পাঠিয়েছে। এটা তাদের ছক। তারা টাকাটা ফেরত দিতে চায় না। বাড়িতে একটা কৌটায় টাকাটা লুকিয়ে রেখে ধীরে ধীরে খরচ করতে থাকে। বিপত্তি হয় এখানেই। যখনই তারা নিজেদের প্রয়োজনে টাকা খরচ করে, তখনই তাদের কোনো একটা বিপদ হয়। যেমন প্রথম দিন তারা ভালো রান্নাবান্না করে খাওয়ার পরে মিনুর হয় ডায়রিয়া। টাকা দিয়ে দামি মোবাইল কেনার পরই মানিকের মা মারা যায়। ভয় পেয়ে যায় মিনু। সে যা টাকা খরচ করেছে তাই আবার ওই টাকার কৌটায় রেখে দেয়। মানিক মানতে চায় না, সে এই টাকা দিয়ে নিজে একটা লন্ড্রি দোকান নেয়। সেদিনই মিনুর পা ভাঙে।
চ্যানেল :চ্যানেল আই
সময় :রাত ৯টা ৩৫ মিনিট