চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম রাশেদ। মঙ্গলবার (১৪ জুন) রাত ৮টার দিকে খালেকের ইটভাটার অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর পরিচয় পাওয়া যায়নি।
মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম রাশেদ (২৭) চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার মৃত গোলাম দরবেশের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দশমাইল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল রাশেদ। নয়মাইল ইটভাটার নিকট পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক যুবককে ধাক্কা দেয়। এতে দু’জনই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষার পর যুবককে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত রাশেদের মাথা, পা সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।’