কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
আজ বুধবার (১৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে ওহিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্র ছাড়িয়ে ভোটাররা বাইরে বিশাল লাইনে দাঁড়িয়ে আছেন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্র ছাড়িয়ে ভোটাররা বাইরে বিশাল লাইনে দাঁড়িয়ে আছেন।পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। প্রতিটি কেন্দ্র ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডের মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।