রাতটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচশেষে সেটা বলেছেনও তিনি। অন্যদিকে, সম্পূর্ণ বিপরীত চিত্র হাঙ্গেরি শিবিরে। পর পর দুই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে উড়ছে দেশটির সমর্থকরা। প্রথমটি নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে জয় এবং দ্বিতীয়টি ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হারানো।
গতরাতে উলভারহ্যাম্পটনের মলিনা স্টেডিয়ামে হাঙ্গেরির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। যা ১৯২৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে তাদের এত বড় ব্যবধানে পরাজয়। ঘরের মাঠে তারা সর্বশেষ চার গোল ব্যবধানে হেরেছিল সে বছরেরই মার্চে। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে পরাজিত হয়েছিল ইংলিশরা।
এছাড়াও ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়বঞ্চিত ইংল্যান্ড। কোচ হিসেবে যোগ দেওয়ার পর প্রথমবার এ অভিজ্ঞতা হলো গ্যারেথ সাউথগেটেরও। নেশনস লিগে 'এ৩' গ্রুপে ৪ ম্যাচে দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড। অথচ কে বলবে এই দলটিই গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও গত ইউরোর ফাইনালিস্ট। আসন্ন কাতার বিশ্বকাপেও তাদেরকে ফেবারিট ভাবছে অনেকে। আর এখন তারা নেশনস লিগ থেকে বাদ পড়ার শঙ্কায়।