কর্মীদের উদ্দেশে মমতা
‘একা কত খাটব। আমি আর পারছি না। যেদিন থাকব না, সেদিন তোমরা বুঝবে।’ শুক্রবার তৃণমূল ভবনে এক দলীয় বৈঠকে এভাবেই দলের নেতা-মন্ত্রীদের সতর্ক করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনী ফল নিয়ে জেলাভিত্তিক পর্যালোচনায় সেদিন হুগলির নেতাদের ডেকেছিলেন তৃণমূলনেত্রী। তাঁর দলে যে তোলাবাজ শ্রেণি তৈরি হয়েছে, সে কথা ইদানীং প্রকাশ্যেই বলছেন তৃণমূলনেত্রী মমতা। আরো এক ধাপ এগিয়ে এবার তিনি সেই তোলাবাজদের গ্রেফতারের হুমকি দিলেন। এদিন জেলা দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের তিনি জানিয়ে দেন, ‘তোলাবাজি, দাদাগিরির অভিযোগ পেলে পুলিশ কিন্তু এবার গ্রেফতার করবে।’
দলীয় সহকর্মীদের উদ্দেশে মমতা প্রশ্ন করেন, ‘তোমরা কী পাওনি? এমএলএ, এমপি, পুরসভা, পঞ্চায়েত— সব পেয়েছ। তার পরও কাজ করো না। মানুষের কাছে যাও না। ঠিকমতো সাহায্য পৌঁছায় না। তার জন্য দলের নির্বাচন খারাপ হয়েছে। এরপর তোমরা কী আশা করো?’
এদিন বৈঠকে উপস্থিত মোক্তার হোসেন নামে এক দলীয় কর্মীকে ১০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন মমতা। দলীয় সূত্রে খবর, ভোটের দিন তিনিই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দিয়ে বুথ আগলেছিলেন।