হাজীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

চাঁদপুরের হাজীগঞ্জে আফসানা মিমি নামের ২০ বছর বয়সী একজন তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের পাটওয়ারী বাড়ির আব্দুল মমিন পাটওয়ারীর বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। আফসানা মিমি ওই বাড়ির মমিন পাটওয়ারীর ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে নিজ বসতঘরে আফসানা মিমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা গেছে, কিছু দিন আগে স্বামীর সঙ্গে ডির্ভোস হয় আফসানা মিমির। এরপর থেকে তার বাবার বাড়িতেই থাকতেন তিনি। ডিভোর্স হওয়ার পর থেকেই তার মেজাজে কিছুটা পরিবর্তন দেখা যায়। পারিবারিক কলহ তার মৃত্যুর কারণ হতে পারে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্ত চলমান।’