সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭০ ভোট।
বিয়ানীবাজারে মেয়র বিদ্রোহী প্রার্থী ফারুকুল বিজয়ী
এদিকে সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক বিজয়ী হয়েছেন। পৌরসভার ১০টি কেন্দ্রের সবকটি কেন্দ্র মিলিয়ে ‘চামচ’ প্রতীক নিয়ে তিনি ৪ হাজার ১০০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আব্দুস সবুর (স্বতন্ত্র) মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩১৮ ভোট। আর আওয়ামী লীগের আবদুস শুকুর পেয়েছেন ২ হাজার ২৭০ ভোট।
বুধবার (১৫ জুন) বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজারের ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন। তাই ভোট নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতুহল দেখা গেছে।
এ ছাড়া, বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ) ১ হাজার ৪৯৯ ভোট, আবদুস সামাদ আজাদ (হ্যাঙ্গার) ১ হাজার ১৬৪ ভোট, আহবাব হোসেন সাজু (কম্পিউটার) ১ হাজার ৪৬৩ ভোট, আবদুল কুদ্দুস টিটু (হেলমেট) ৬৭১ ভোট, মো. অজি উদ্দিন (নারিকেল) ২১৫ ভোট, জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙ্গল) ১৩৮ ভোট ও কমিউনিস্ট পার্টির আবুল কাশেম (কাস্তে) ১৭৩ ভোট পেয়েছেন।
১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭৯৩ জন। এ নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।