কোরিয়ান ব্যান্ড বিটিএস ভেঙে যাওয়ার গুজব

জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড দল বিটিএস ভেঙে গেছে মর্মে কিছু কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, খবরটি সত্য নয়। মূল ব্যান্ড অক্ষুন্ন রেখেই সদস্যরা নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ারে বেশি মনোনিবেশ করার পরিকল্পনা করছেন।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান বলছে, গত ১৩ জুন নতুন অ্যালবাম ‘প্রুফ’ মুক্তি দেয় বিটিএস। এরপর গত ১৪ জুন বিটিএস ফিয়েস্তা নামক ভোজসভায় মিলিত হয় ব্যান্ডের ৭ সদস্য ।

এই বিটিএস ফেস্তার পুরো আড্ডাটা ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে সম্প্রচার করা হয়। এই আড্ডায় বিটিএস সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়েন, অনেকের চোখে অশ্রু দেখা যায়, গত ৯/১০ বছর ধরে তাদের পথচলা এবং ভক্তদের সমর্থনের কথা স্মরণ করেন।

ভিডিও’র ২১ তম মিনিটে ব্যান্ড মেম্বর সুগা কোরিয়ান ভাষায় বলেন, আমরা একটি সাময়িক বিরতিতে যাচ্ছি (ইংরেজি সাবটেইটেল অনুযায়ী, We are taking a temporary break now . Should we talk about why we’re not doing the FESTA or making content? ) এরপর সদস্যরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সঙ্গীত ক্যারিয়ার এবং বিটিএস এর সঙ্গে কাটানো সময় নিয়ে কথা বলেন।

এই সূত্র ধরেই অনেক সংবাদমাধ্যম ধরে নেন, বিটিএস ভেঙে যাচ্ছে এবং সদস্যরা কেবলমাত্র একক ভাবে গান করবেন।

তবে বিটিএস ব্যান্ডের স্বত্ত্বাধিকারী হাইব এক বিবৃতে জানিয়েছে, বিটিএস কোনো বিরতি নিচ্ছে না । এই মুহুর্তে সদস্যরা নিজেদের ব্যক্তিগত প্রজেক্টে বেশি মনোনিবেশ করবেন (BTS are not taking a hiatus. Members will be focusing more on solo projects at this time)

হাইব এর বিবৃতিকে কেন্দ্র করে বার্তা সংস্থা এপি, ইন্ডিয়া টিভি , টাইমস নাউ  সহ অনেকেই প্রতিবেদন প্রকাশ করেছে।

বিটিএস আর্মি অব বাংলাদেশ নামক ফেসবুক পেজ এই বিতর্কের প্রেক্ষিতে বিটিএস সদস্য আরএম এর বক্তব্য শেয়ার করেছে। উইভার্স এ্যাপে আরএম যে বক্তব্য দিয়েছেন, তার অনুবাদ থেকে দেখা যাচ্ছে, তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস এর ভেঙে যাওয়া নিয়ে অনেক গুঞ্জন দেখছি। আমাকে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন। আমি সততার সাথে বলতে চাই, এখনি সবকিছু শেষ হচ্ছে না। বিটিএস ফেস্তায় আমার কান্নার ছবি ভাইরাল হয়েছে, এবং সেটা আমি শেয়ার না করার কোনো কারণ দেখি না। সবকিছুই শেয়ার করার সাহস মাঝে মাঝে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি  করে।

তবে বিটিএস সদস্যদের নতুন কনসার্ট কিংবা নতুন প্রজেক্ট এর ব্যাপারে এখনই কিছু জানা যায়নি। বিটিএস এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও ভাঙনের কোনো খবর নেই।

সার্বিক বিবেচনায়, ‘ভেঙে গেল বিটিএস’ শীর্ষক এই খবরটিকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।

'অবশেষে জানা গেলো ‘ভেঙে গেল বিটিএস!’ শিরোনামে সংশ্লিষ্ট এই সংবাদটি ফ্যাক্ট চেকিং সংস্থা fact-watch.org’র তথ্যমতে খবরটি সঠিক নয়। পরবর্তীতে সে অনুযায়ী সংবাদটি আপডেট করা হয়।'