ইরান-তুর্কমেনিস্তান দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠায় তারা ঐকমত্য হয়েছে। মঙ্গলবার ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিন ও তুর্কমেনিস্তানের মন্ত্রিপরিষদের উপপ্রধান বাতির আদ-দায়েভ যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
ইরানের বাণিজ্যমন্ত্রী ফাতেমি আমিন বলেন, ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সই করার জন্য দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার। যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা ও দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হলে তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
ইরানের বাণিজ্যমন্ত্রী বলেন, তুর্কমেনিস্তানের প্রতিনিধিদল ইরান সফরের সময় তাদের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের পণ্যের তালিকা নিয়ে আলোচনা হবে যাতে এসব পণ্য কম শুল্কে দুই দেশ রপ্তানি করতে পারে। গত বছরের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হিসেবে সাইয়েদ ইব্রাহিম রাইসির সরকার দায়িত্ব নেওয়ার পর তুর্কমেনিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক জোরদার করা হয়েছে। ইরানের ভেতর দিয়ে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাস অন্য দেশে রপ্তানির জন্য তেহরান ও আশখাবাদের মধ্যে চুক্তি হয়েছে।
অন্যদিকে, ইরান থেকে বিভিন্ন ধরনের পণ্য মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি করার জন্য তুর্কমেনিস্তানের ভূমি ব্যবহার করতে পারছে।
এরই মধ্যে ইরান ও তুর্কমেনিস্তানের শ্রমমন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেছেন যাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়। এছাড়া, ইরান ও তুর্কেমেনিস্তানের মধ্যে পণ্যবাহী কার্গো চলাচল বাড়ানোর জন্য পরিকল্পনা নিয়েছে দেশ দুটির সরকার।