টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লাখ পিস ইয়াবাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

বুধবার (১৫ জুন) রাতে নাফনদী এলাকার বেড়ীবাঁধ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, টেকনাফের হ্নীলার মৃত কাদের বকসের ছেলে আব্দুর রহমান (৩০) ও হ্নীলা মৌলভী বাজারের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার হতে বাংলাদেশ একটি মাদকের চালান আসার গোপন খবর পেয়ে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল হ্নীলা বিওপি নাফনদী এলাকার বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ৯টার দিকে পাঁচ ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারীদের পিছু ধাওয়া করে দু'জনকে আটক করে। পরে তাদের কাছে থাকা একটি বস্তার ভিতর থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।