মেসির জোড়া গোল
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে নিকারুয়ার বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে। বিশ্ব ফুটবলের অন্যতম এই তারকা ৩৭ ও ৩৮ মিনিটেই গোল দুটি করেন। এরপর জোড়া গোল করেন ইন্টারমিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৮১ মিনিটে শেষ গোলটি করেন রবার্তো পেরেইরা।
আর্জেন্টিনা আগামী শনিবার কোপা আমেরিকায় নিজেদের প্রথম খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে। তার আগে এই জয় মেসি ও আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ৩১ বছর বয়সী মেসি অবশ্য এখনো মূল জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি।
মেসি গত মার্চে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোলশূন্য থাকার পর গত শুক্রবারের এ খেলাটির মধ্য দিয়ে আবার জাতীয় দলের জার্সি চাপালেন গায়ে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসি প্রথম গোলটি দেন। এরপর সার্জিও অ্যাগুয়েরোর শট ফিরে এলে তাতেই আবার শট নিয়ে আর্জেন্টিনার হয়ে ৬৭তম গোলটি করেন এই তারকা ফুটবলার।
মধ্য আমেরিকার দেশটির বিরুদ্ধে দুই গোল করা মার্টিনেজ অবশ্য মূল একাদশে ছিলেন না। তার গোল দুটি আসে ৬৩ ও ৭৩ মিনিটে। অপরদিকে পেনাল্টি থেকে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে সান্ত্বনার গোলটি করেন জুয়ান ব্যারিরা।
কোচ লিওনেল স্কালোনি প্রথমার্ধের পর তুলে নেন মেসি ও আগুয়েরোকে। কিন্তু এটুকু সময়ই যথেষ্ট ছিল স্প্যানিশ লিগে ৩৬ গোল করার সুবাদে ষষ্ঠবারের মতো গোল্ডেন শু জেতা আর্জেন্টিনা অধিনায়কের জন্য। অপরদিকে ম্যানচেষ্টার সিটি স্ট্রাইকার আগুয়েরো গোল না পেলেও এদিন দেশের হয়ে ৯০তম ম্যাচ খেলেন।
নিকারাগুয়া আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিত খেলাটিতে স্বাগতিকদের পরীক্ষা নিতে পারেনি। তারপরও স্কালোনির দল প্রস্তুত ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল জিততে না পারার দুঃখ গোছাতে। আর্জেন্টিনা টানা দুই ও শেষ পাঁচ খেলার চারটিতে জয় নিয়েই ব্রাজিল যাচ্ছে কোপা আমেরিকায় খেলতে। কলম্বিয়ার বিরুদ্ধে তাদের খেলাটি হবে ১৫ জুন।
নেইমারের পরিবর্তে উইলিয়ান
ব্রাজিল কোচ তিতে নেইমারের জায়গায় চেলসি ফরোয়ার্ড উইলিয়ানকে দলে নিয়েছেন। গোড়ালির ইনজুরির কারণে কোপা আমেরিকার দল থেকে ছিটকে পড়েন নেইমার। কাতারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলের জয়ের দিনে ওই ইনজুরিতে পড়েন পিএসজি স্ট্রাইকারটি। এখন নেইমারের জন্য বানানো ১০ নম্বর জার্সিটি গায়ে তুলবেন উইলিয়ান।
ধারণা করা হয়েছিল কোচ তিতে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াচকে ডাকবেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত অভিজ্ঞতার কারণে ডাকলেন উইলিয়ানকেই। ৩০ বছর বয়সী উইলিয়ান তিতে ও তার আগের কোচদের সময়েও নিয়মিতই খেলেছেন। এ পর্যন্ত দেশের হয়ে ৭০ খেলায় ডাক পাওয়া উইলিয়ান খেলেছেন ৬৫ বার।
স্বাগতিক ব্রাজিল ১৪ জুন কোপা আমেরিকা শুরুর আগে এ সপ্তাহে শেষ প্রস্তুতি ম্যাচে সালভাদরের বিরুদ্ধে খেলবে।