ভূরুঙ্গামারীতে পাট খেতে পানি জমায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। পাট চাষ করে লাভের আশা তো দূরের কথা হাল চাষের খরচও উঠবে না অনেক কৃষকের।
পাট চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জমিতে পানি জমে গেছে। পাট বীজ বপন করা জমিতে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে অনেক কৃষকের পাটচারা খেতেই পচে গেছে। কেউ কেউ একাধিকবার পাটের বীজ বপন করলেও খেতে পানি জমায় চারা গাছ এক থেকে দেড় ফুট হওয়ার পর আর বাড়ছে না। কিছু কিছু জমিতে অর্ধেক চারা গাছ বাড়লেও অধিক বৃষ্টির কারণে ঐ চারাগাছগুলো দুর্বল ও গাছের গোড়ায় শিকড় গজাচ্ছে।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে পাট বুনেছিলাম। জমিতে বৃষ্টির পানি জমেছে। এ সময়ে পাট গাছ চার থেকে পাঁচ ফুট লম্বা হওয়ার কথা। কিন্তু সেই পাট গাছ এখনও দেড়- দুই ফুট লম্বাও হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা (চলতি দায়িত্ব) শরিফুল ইসলাম জানান, অতিবৃষ্টিতে বিক্ষিপ্তভাবে কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। পাটের ভালো ফলনের আশা করা হচ্ছে।