স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের মতে- এই বিশ্বকাপে কোনো দলই এখন পর্যন্ত নিজেদের স্পষ্ট ফেবারিট হিসেবে তুলে ধরতে পারেনি। কারণ এ পর্যন্ত দেখা গেছে অংশগ্রহণকারী দশটি দলই একে অপরকে হারাতে সক্ষম।
গতকালকের আগ পর্যন্ত শুধু নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতই অপরাজিত আছে। আজ রবিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। আইসিসির এক কলামে বোর্ডার লিখেছেন: ‘এই মুহূর্তে অবশ্যই কোনো দলকে স্পষ্ট ফেবারিট মনে হচ্ছে না। মূলত সব দলই দেখাচ্ছে যে, তারা একে অপরকে হারাতে সক্ষম। এটাই প্রথমদিকের ম্যাচগুলোর মূল বিষয়।’
গত সোমবার ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বড় আপসেট ঘটিয়েছে পাকিস্তান। তার একদিন পরই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে সহজেই আফগানিস্তানকে হারিয়েছে। তবে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ রানে জয় পেতে অনেক বেগ পেতে হয়েছে অজিদের। ১৯৮৭ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা বোর্ডার বলেন, তার দলের এখনো উন্নতি করার অনেক ক্ষেত্র আছে এবং ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের বিপক্ষে ম্যাচের পর তাদের সম্ভাবনা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। তিনি আরো বলেন, ‘পরের ম্যাচ বড় বাধা হবে ভারত। অস্ট্রেলিয়ার জন্য এটা কঠিন বাধা। তবে যেহেতু ভালো দুটি দলের মধ্যে খেলা হচ্ছে, তাই এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে কি হতে পারে সে বিষয়ে একটা ভালো ধারণা পাওয়া যেতে পারে।’ - বাসস