প্রথম ম্যাচে হারলেও দারুণ লড়াই করেছিল শ্রীলঙ্কা। লড়াইয়ের সেই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখলো তারা। ফলও পেলো হাতেনাতে। বৃহস্পতিবার (১৬ জুন) পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএল মেথড পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনলো স্বাগতিকরা। এদিন, টস জিতে লঙ্কানদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি ব্যাটাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আটকিয়ে রাখে অস্ট্রেলিয়া। এর মাঝে বাধা দেয় বৃষ্টি। খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হলে ওভার কমিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রানের মোটামুটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ৩৬ রান করেন কুশাল মেন্ডিস। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা ৩৪, দাসুন শানাকা ৩৪, ওয়েল্লালাগে ২০, চামিকা করুণারাত্নে ১৮, গুনাথিলাকা ১৮, নিসাঙ্কা ১৪ ও আসালাঙ্কা ১৩ রান করেন। অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৪টি, গ্লেন ম্যাক্সওয়েল ২টি, ম্যাথু কোহনেমান ২টি এবং মিচেল সোয়েপসন একটি উইকেট শিকার করেন।
বৃষ্টির কারণে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২২১ রান। কিন্তু জবাব দিতে নেমে ৩৭.১ ওভারে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় তারা।ডেভিড ওয়ার্নার ৩৭, ম্যাক্সওয়েল ৩০, স্টিভেন স্মিথ ২৮, ট্রাভিস হেড ২৩, মার্নাস লাবুশেনে ১৮ ও অ্যালেক্স ক্যারি ১৫ রান করে। দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন লঙ্কান বোলাররা। চামিকা করুণারাত্নে ৩টি এবং দুষ্মেন্ত চামিরা, ধনঞ্জয় ডি সিলভা ও ওয়েল্লালাগে ২টি করে উইকেট নেন।