আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বিজয়

পবিত্র হজব্রত পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। মিডল অর্ডারে মুশফিকের জায়গায় তরুণ ইয়াসির আলী রাব্বিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন তিনি।

ইয়াসির বাদ পড়লেও প্রথম টেস্টের আগে ঢাকা থেকে নতুন কাউকে নেওয়া সম্ভব ছিল না। তবে ইয়াসিরের বদলি হিসেবে নির্বাচকদের ভাবনায় শুরু থেকেই ছিল এনামুল হক বিজয়ের নাম। ক্যারিবিয়ান থেকে টিম ম্যানেজমেন্টও নির্বাচকদের পছন্দে সায় দিয়েছে। তাই ইয়াসিরের বদলি হয়ে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বিজয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। অ্যান্টিগায় প্রথম টেস্ট চলাকালীনই দলের সঙ্গে যোগ দিবেন বিজয়। এজন্য আজই ওয়েস্ট ইন্ডিজ রওনা দিচ্ছেন ডানহাতি এ ওপেনার। এর আগে উইন্ডিজ সফরের টি-২০, ওয়ানডে দলে ছিলেন বিজয়। সীমিত ওভারের দুই ফরম্যাটের ক্রিকেটারদের সঙ্গে আগামী ২২ জুন ক্যারিবিয়ানে যাওয়ার কথা ছিল বিজয়ের। সেই লক্ষ্যেই অনুশীলন করছিলেন তিনি। কিন্তু ইয়াসিরের ইনজুরির কারণে এখন হুট করেই মাহমুদউল্লাহ-তাসকিনদের আগেই ক্যারিবিয়ানের উদ্দেশ্যে বিমানে চড়তে হচ্ছে বিজয়কে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম করার পুরস্কারই পেলেন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার। আট বছর পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন বিজয়। চার টেস্টে ৭৩ রান করেই বাদ পড়েছিলেন তিনি।