পাবনার সুজানগরে বিভিন্ন সড়ক পথে ভাড়া বৃদ্ধির পর এবার নৌপথেও যাত্রীবাহী খেয়া নৌকার ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠেছে। এতে যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর পদ্মা নদীতে যাত্রী পারাপারে নৌকা রয়েছে রয়েছে। ওই দুটি নৌপথের খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন।
উপজেলার মানিকদীর গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল লতিফ বলেন, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর খেয়া ঘাটের দূরত্ব মাত্র ৮/১০ কিলোমিটার। আগে ওই নৌপথে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হতো ৩০ থেকে ৪০ টাকা। কিন্তু বর্তমানে ভাড়া বৃদ্ধি করে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
উপজেলার উলাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আলতাফ হোসেন বলেন, আগে সড়ক পথের চেয়ে নৌ-পথের ভাড়া অনেক কম নেওয়া হতো। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সড়ক পথের চেয়ে নৌপথেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে সড়ক পথে বিভিন্ন ধরনের বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকলেও নৌপথে তা নেই। আর সেই সুযোগে খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের জিম্মি করে ৮/১০কিলোমিটার নৌপথে ৫০ থেকে ৬০ টাকা ভাড়া আদায় করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, খোঁজ-খবর নিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।