যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ‘রাশিয়া ধোয়া তুলসি পাতা নয়। রাশিয়া যা সেটাই। আর নিজের চেহারা দেখাতে আমরা লজ্জাবোধ করি না।’
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রায় চার মাসে এ পর্যন্ত প্রাণ গেছে হাজার হাজার বেসামরিক মানুষের। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখ লাখ ইউক্রেনীয়। এমন বাস্তবতায় বৃহস্পতিবার (১৬ জুন) বিবিসির মুখোমুখি হন ল্যাভরভ। বললেন, যেমনটা মনে হচ্ছে বাস্তবতা আসলে তেমন নয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘আমরা ইউক্রেন আক্রমণ করিনি। আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি। কেননা, ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ। আমাদের কাছে পশ্চিমাদের এটা বোঝানোর কোনও উপায় ছিল না।’
ইউক্রেনে নব্য নাৎসিবাদের উপস্থিতির রুশ দাবিরও পুনরাবৃত্তি করেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ান কর্মকর্তারা প্রায়ই দাবি করেন যে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনকে নাৎসিমুক্ত করার কাজ করছে।