ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
দীর্ঘ প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের টানে ওপার (ভারত) থেকে প্রেমিকের কাছে ছুটে আসা প্রেমিকা কিশোরী রোজিনা খাতুন কে (১৬) উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দুপুর দেড়টায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কিশোরী রোজিনা খাতুনকে বিজিবি বিএসএফ’র কাছে হস্তান্তর করে। রোজিনা ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের আনু মিয়ার মেয়ে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে রোজিনা খাতুন পরিবারের অজান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে উপজেলার গোড়কমন্ডল গ্রামের মাহালম মিয়ার ছেলে প্রেমিক জাহিদ হাসানের (২০) কাছে চলে আসে।
রোজিনার পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানালে বিএসএফ কিশোরীকে উদ্ধারের জন্য শনিবার সকালে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে পত্র প্রেরণ করে। বিজিবির তত্পরতায় জাহিদের পরিবার কিশোরীকে লালমনিরহাট জেলার কুলাহাট বাজার থেকে উদ্ধার করে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলীর মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃত কিশোরীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।